ইলন মাস্ক আনছেন ‘ট্রুথজিপিটি’
চ্যাটজিপিটি ও বার্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন একটি বিকল্প এআই ‘ট্রুথজিপিটি’ আনতে যাচ্ছেন শতকোটিপতি ইলন মাস্ক। গত ৯ মার্চ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান চালুর পর মার্কিন গণমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টুইটার ও টেসলার প্রধান নির্বাহী। সম্প্রতি,।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মূলত সত্য অনুসন্ধানী একটি এআই তৈরির পরিকল্পনা নিয়েই আসছে ট্রুথজিপিটি, যা মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করবে এবং যেটি ক্ষতির তুলনায় উপকার বেশি করবে।
মাস্ক জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দেরিতে শুরু করায় এটি শুরু করতে যথেষ্ট অসুবিধার মুখে পড়বেন তিনি। তবে, মাস্কের এআই লক্ষ্যমাত্রা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। সম্প্রতি তিনি ‘এক্স ডটএআই করপোরেশন’ নামের ব্যবসার নিবন্ধনের উদ্দেশ্যে নথি জমা দিয়েছেন।
সম্প্রতি কয়েক হাজার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন টেসলা প্রধান। ধারণা করা হচ্ছে, জিপিইউগুলো তার নতুন প্রতিষ্ঠানের জন্য কেনা হয়েছিল। সম্প্রতি মাস্কের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জিপিইউ কেনা সম্পর্কে জানতে চাওয়া হলে মাস্ক তার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেননি।
এর আগে শোনা যায়, চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ শুরু করেছেন মাস্ক। পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষকদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইগর বাবুসকিন একজন গবেষক। অ্যালফাবেটের মালিকানাধীন ডিপ মাইন্ডে কাজ করতেন তিনি। তবে সেই চাকরি ছেড়েছেন তিনি। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ল্যাব তৈরিতে ইগর বাবুসকিনকে নিয়োগ দিয়েছেন মাস্ক। তবে ইগর বাবুসকিন জানিয়েছিলেন, তিনি এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি।







